দেশের শীর্ষ ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ঢাকার পার্শ্ববর্তী দ্রুত বিকাশমান অঞ্চল সাভার–এ নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। গত রোববার চালু হওয়া এ শোরুমের মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজধানীর বাইরে সম্প্রসারণ কৌশলে আরও একধাপ এগিয়েছে।
প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের দুই তলাবিশিষ্ট এ আউটলেটটি আধুনিক রিটেইল বিন্যাসে সাজানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং একটি পূর্ণাঙ্গ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই বিনিয়োগ।
নতুন আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ–এর পাশাপাশি নারী, পুরুষ ও শিশুদের পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ রাখা হয়েছে। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সমন্বয়ে সাজানো এ শোরুমকে এক ছাদের নিচে সমন্বিত লাইফস্টাইল গন্তব্য হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্বোধন উপলক্ষে ব্র্যাক এন্টারপ্রাইজেস–এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। এ অঞ্চল দ্রুত উন্নয়ন ও নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন এই আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার করাই তাদের লক্ষ্য।
খাত সংশ্লিষ্টদের মতে, রাজধানীর আশপাশের বিকাশমান এলাকায় রিটেইল বিনিয়োগ বাড়ানো বর্তমান বাজার বাস্তবতায় একটি কৌশলগত পদক্ষেপ। আড়ংয়ের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতে প্রতিযোগিতা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।


