পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজানজুড়ে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রোজার মাসে কর্মঘণ্টা সমন্বয় করে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জোহরের নামাজের জন্য প্রতিদিন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এ সময় সরাসরি গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম ও সমন্বয় চলমান থাকবে।
নতুন এ সময়সূচি রমজান মাসজুড়ে দেশের সব তফসিলি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রমজান শেষ হলে ব্যাংকের দাপ্তরিক ও লেনদেনের সময়সূচি পূর্বের নিয়মে ফিরে যাবে। সাধারণ সময় অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাহক লেনদেন করা যায় এবং ব্যাংক খোলা থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, রমজানে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ই-কমার্স খাতে লেনদেনের চাপ বেড়ে যায়। তাই অনলাইন উদ্যোক্তা ও মার্চেন্টদের ব্যাংকিং সময়সীমা বিবেচনায় রেখে পেমেন্ট সেটেলমেন্ট, এলসি, চেক ক্লিয়ারিং ও অন্যান্য আর্থিক কার্যক্রম আগেভাগে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়সূচির এ পরিবর্তন মাথায় রেখে ডিজিটাল পেমেন্ট ও মোবাইল ব্যাংকিং সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করলে ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


