দেশের রপ্তানি ও শিল্পখাতে নতুন গতি আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি এবং চীনের হুয়াজু এক্সেসরিজ যৌথভাবে এখানে প্রায় ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে ১২ হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সঙ্গে পৃথক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে বেপজার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু এক্সেসরিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আগের দিন সোমবার একই কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার পার্ক হ্যান্ডব্যাগ বিডির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে পার্ক হ্যান্ডব্যাগ বিডির চেয়ারম্যান বোমজুন পার্ক এবং বেপজার নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন স্বাক্ষর করেন।
উভয় অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, সমীর বিশ্বাস, এএসএম আনোয়ার পারভেজসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্ক হ্যান্ডব্যাগ বিডি: বড় কারখানা, বড় কর্মসংস্থান
বেপজার তথ্যমতে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পার্ক হ্যান্ডব্যাগ বিডির কারখানাটি নির্মিত হবে প্রায় ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর। প্রায় ৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানা পুরোপুরি চালু হলে ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে।
এই কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য উৎপাদন করা হবে। এর মধ্যে রয়েছে পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার এবং আন্ডারগার্মেন্টস। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পার্ক হ্যান্ডব্যাগ বিডির চেয়ারম্যান বোমজুন পার্ক বলেন, তাদের প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ব্র্যান্ড কোচ ও কেট স্পেড–এর জন্য পণ্য উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে দক্ষ জনশক্তি ও প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যয়ের কারণে একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
হুয়াজু এক্সেসরিজ: গার্মেন্টস উপকরণে নতুন সম্ভাবনা
চীনা কোম্পানি হুয়াজু এক্সেসরিজ মিরসরাই বেপজা অঞ্চলে ১ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি কারখানা স্থাপন করবে। এই কারখানায় বছরে প্রায় ৪০ লাখ কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র-স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিবসহ বিভিন্ন ধরনের গার্মেন্টস উপকরণ উৎপাদন করা হবে।
এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয়ভাবে এসব উপকরণ উৎপাদন শুরু হলে আমদানি নির্ভরতা কমবে এবং দেশের গার্মেন্টস ও ই-কমার্স সরবরাহ চেইন আরও শক্তিশালী হবে।
অর্থনীতি ও ই-কমার্সে ইতিবাচক প্রভাব
বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ শুধু রপ্তানি খাতেই নয়, বরং ই-কমার্স ও দেশীয় সরবরাহ ব্যবস্থার জন্যও বড় সুযোগ তৈরি করবে। ব্যাগ, পোশাক ও এক্সেসরিজ উৎপাদনে স্থানীয় সক্ষমতা বাড়লে দেশীয় ব্র্যান্ড ও অনলাইন ব্যবসাগুলোও প্রতিযোগিতামূলক দামে পণ্য সংগ্রহের সুবিধা পাবে।
মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে এ ধরনের ধারাবাহিক বিদেশি বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।


