যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ–এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল ঢাকা সফরে আসছে। ৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদলটি সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। সফরের মূল আলোচ্য বিষয় হচ্ছে পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন।
দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের পণ্যের বাজারে প্রবেশ সহজ হবে, বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ স্বাক্ষরিত হয়। তবে চুক্তির শর্তাবলি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যেখানে বাংলাদেশকে ১৩১টি শর্ত পূরণ করতে হবে, সেখানে যুক্তরাষ্ট্রের জন্য রয়েছে মাত্র ৬টি শর্ত।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের একাংশ চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। যদিও চুক্তিটি এখনো কার্যকর হয়নি, এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং একটি ভারসাম্যপূর্ণ চুক্তির পথ সুগম করতে পারে।


