জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে দেশের ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর গ্রাহক লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে বিকেল ৪টা পর্যন্ত চালু ছিল।
শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সিদ্ধান্তের কথা জানায়। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ঘোষিত সংশোধিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন সীমিত থাকবে বেলা ৩টা পর্যন্ত। এই সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এদিকে, সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার আগের মতোই কার্যকর থাকবে। তবে আন্তর্জাতিক বাণিজ্য ও যাত্রীসেবার স্বার্থে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের নিয়মেই ২৪ ঘণ্টা খোলা থাকবে। ২০১৯ সালে জারি করা সংশ্লিষ্ট ডিওএস সার্কুলারের নির্দেশনা এ ক্ষেত্রে বহাল রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সাশ্রয় এবং অপারেশনাল খরচ কমানোর লক্ষ্যেই এ ধরনের সময়সূচি সমন্বয় করা হয়েছে, যা সামগ্রিকভাবে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গ্রাহকসেবায় যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


