চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির তৃতীয় দিনেও বন্দরের কার্যক্রমে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ কার্যত বন্ধ রয়েছে।
চলমান পরিস্থিতিতে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সোমবার দুপুরে বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন।
সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন বলেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বদলি করে কর্তৃপক্ষ শ্রমিক আন্দোলন দমন করার চেষ্টা করছে। অবিলম্বে এসব বদলির আদেশ প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার ও রোববার তিন দফা পৃথক আদেশে চট্টগ্রাম বন্দরের ১৬ জন কর্মচারীকে ঢাকায় অবস্থিত বন্দরের দুটি কার্যালয়ে বদলি করা হয়। বদলির আদেশে ‘জরুরি দাপ্তরিক ও অপারেশনাল প্রয়োজনের’ কথা উল্লেখ থাকলেও আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের দাবি, আন্দোলন দুর্বল করতেই এই বদলি কার্যক্রম চালানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা।
এদিকে, বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন— বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী জানান, সকাল আটটা থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় জিসিবি টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ রয়েছে। শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে তিনি জানান।
কর্মবিরতির প্রভাব পড়ে বন্দর ভবনের শিপিং শাখাতেও। সোমবার দুপুরে শিপিং শাখার অধিকাংশ কক্ষ ফাঁকা দেখা যায়। পাশাপাশি সকালে বন্দর ভবনের নিচতলায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্থিং সভাও পণ্ড করে দেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। জাহাজ আগমনের ঘোষণা দিতে শিপিং এজেন্টরা সভাকক্ষে উপস্থিত হলে আন্দোলনকারীরা তাঁদের কক্ষ ত্যাগ করতে বলেন। পরে সভাটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হয়ে যায়।
অন্যদিকে, এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম নগরীতে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টার দিকে আগ্রাবাদ বাদামতলী মোড়ে জড়ো হয়ে স্কপের নেতা-কর্মীরা বন্দর অভিমুখে মিছিল শুরু করেন। মিছিল শেষে যমুনা ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কপ নেতা এস কে খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ অন্যান্য নেতারা। বক্তারা এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।


