ঢাকা: ৬ মে ২০২০: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেরি হিলে অবস্থিত বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নকিয়ার গবেষণা শাখা “নকিয়া বেল ল্যাব” পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
নকিয়া কর্তৃপক্ষ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন।
এরপর প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা ও আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় গৃহীত বিভিন্ন কার্যক্রম ও বাংলাদেশের আইসিটি খাতের সার্বিক অগ্রগতির বিষয়ে তাদেরকে অবহিত করেন প্রতিমন্ত্রী পলক।
এসময় উপস্থিত ছিলেন নকিয়ার সাউথইস্ট এশিয়া ইউনিটের হেড অফ মার্কেটিং ডেনিয়েল জিগার , নর্থ আমেরিকা স্ট্র্যাটেজিক সেলস্ এন্ড সলিউশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকি এলিসন, সিটিও এন্ড হেড অব স্ট্র্যাটেজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আরিফ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা: বিকর্ণ কুমার ঘোষ, এটুআই-এর পলিসি এডভাইজার আনিড় চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, একসময়ের মোবাইল ফোনের বিশ্বখ্যাত ব্র্যান্ড নকিয়া সম্প্রতি কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ভাইব্রেন্টের সাথে অংশীদারিত্বে বাংলাদেশে তাদের ফোন অ্যাসেম্বল করা শুরু করেছে।


