ঈদকে সামনে রেখে দেশের ই-কমার্স খাতে কেনাকাটার ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গেছে। নগরজীবনের যানজট, কর্মব্যস্ততা এবং ঘরে বসে সহজে পণ্য পাওয়ার সুবিধার কারণে এখন অনেকেই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছেন। শুধু পোশাক বা ফ্যাশন পণ্য নয়, চাল-ডাল, তেল-নুন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যই এখন অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করছেন গ্রাহকরা।
বিশেষ করে ঈদের আগে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট, ফেসবুকভিত্তিক ব্যবসায়িক পেজ এবং অনলাইন মার্কেটপ্লেসগুলোতে অফার ও ডিসকাউন্ট বাড়ায় ক্রেতাদের আগ্রহও বেড়ে যায়। তবে অনলাইনে কেনাকাটার সুবিধার পাশাপাশি প্রতারণা, নিম্নমানের পণ্য কিংবা ডেলিভারি জটিলতার মতো ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ছাড়া অনলাইনে কেনাকাটা করলে আর্থিক ক্ষতি কিংবা ব্যক্তিগত তথ্য চুরির মতো সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। তাই কেনাকাটার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।
অপরিচিত পেজে অগ্রিম পেমেন্টে সতর্কতা
অনেক সময় শুধুমাত্র আকর্ষণীয় ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা অপরিচিত ফেসবুক পেজ বা ওয়েবসাইটে অর্ডার করেন। পরে দেখা যায়, পণ্য পাঠানো হয়নি কিংবা নিম্নমানের পণ্য দেওয়া হয়েছে। তাই কেনাকাটার আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ঠিকানা, ফোন নম্বর ও গ্রাহক রিভিউ যাচাই করা উচিত। পরিচিত কেউ আগে ওই প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করেছেন কি না, সেটিও জানা নিরাপদ।
অতিরিক্ত কম দামের অফার হতে পারে প্রতারণা
বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম দামে ব্র্যান্ডের পণ্য বিক্রির অফার দেখলে সতর্ক থাকতে হবে। প্রতারক চক্র অনেক সময় আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের ফাঁদে ফেলে। বিশেষ করে ঈদের সময় এ ধরনের প্রতারণা বেড়ে যায়।
রিভিউ ও কমেন্ট পড়ার গুরুত্ব
অনলাইনে পণ্য কেনার আগে আগের ক্রেতাদের অভিজ্ঞতা জানা গুরুত্বপূর্ণ। শুধু ভালো মন্তব্য নয়, নেতিবাচক রিভিউ ও অভিযোগও খেয়াল করতে হবে। এতে প্রতিষ্ঠানটির সেবার মান সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ক্যাশ অন ডেলিভারি বেশি নিরাপদ
বিশেষজ্ঞরা বলছেন, সম্ভব হলে ‘ক্যাশ অন ডেলিভারি’ সুবিধা বেছে নেওয়া উচিত। এতে পণ্য হাতে পাওয়ার আগে পুরো অর্থ পরিশোধ করতে হয় না এবং প্রতারণার ঝুঁকিও কমে।
পণ্যের বিবরণ ভালোভাবে দেখা জরুরি
পণ্যের ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে সাইজ, রং, ফেব্রিক, ওয়ারেন্টি কিংবা রিটার্ন পলিসি ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন। অনেক সময় ছবির সঙ্গে বাস্তব পণ্যের মিল থাকে না।
ডেলিভারির সময় আগে নিশ্চিত করুন
ঈদের আগে কুরিয়ার ও ডেলিভারি সেবায় অতিরিক্ত চাপ থাকে। ফলে অনেক সময় নির্ধারিত সময়ের পরে পণ্য পৌঁছায়। তাই অর্ডার করার আগে পণ্য কত দিনের মধ্যে ডেলিভারি হবে এবং ঈদের আগেই পৌঁছাবে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
ভুয়া ওয়েবসাইট ও লিংক থেকে সাবধান
সাইবার অপরাধীরা অনেক সময় জনপ্রিয় ব্র্যান্ডের মতো দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয়। তাই ওয়েবসাইটের নাম, বানান ও ইউআরএল ভালোভাবে যাচাই করা উচিত।
ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন
ওটিপি, ব্যাংক কার্ডের পিন, মোবাইল ব্যাংকিং পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করা উচিত নয়। অনলাইন প্রতারণার বড় অংশই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে ঘটে থাকে।
অর্ডারের রসিদ ও স্ক্রিনশট সংরক্ষণ করুন
অর্ডার সম্পন্ন হওয়ার পর রসিদ, কনফার্মেশন মেসেজ বা স্ক্রিনশট সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কোনো সমস্যা হলে এগুলো প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।
শুধুমাত্র ইনবক্সভিত্তিক বিক্রিতে বাড়তি সতর্কতা
যেসব ফেসবুক পেজে পণ্যের মূল্য প্রকাশ করা হয় না এবং শুধুমাত্র ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়, সেসব ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। স্বচ্ছ মূল্যতালিকা না থাকলে প্রতারণার ঝুঁকি বাড়ে বলে মনে করছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।

