বুধবার, সেপ্টেম্বর ২৩

বাংলাদেশের আধুনিক রিটেইল ও ই–কমার্সভিত্তিক খুচরা বাজারে নতুন মাত্রা যোগ করতে আজ মঙ্গলবার থেকে দেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে আলফামার্ট। ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় রিটেইল প্রতিষ্ঠান আলফা গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী মিতসুবিশি করপোরেশনের সঙ্গে যৌথভাবে এ রিটেইল চেইন চালু করেছে দেশীয় শিল্পগোষ্ঠী কাজী ফার্মস লিমিটেড।

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১১৩ নম্বর রোডে অবস্থিত ডেলভিস্তা টাওয়ারে আলফামার্টের প্রথম আউটলেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান, চলতি বছরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় শতাধিক বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে অফলাইন স্টোরের পাশাপাশি অনলাইন ও ওমনি-চ্যানেল রিটেইল সম্প্রসারণেরও লক্ষ্য রয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আলফামার্ট প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে ১২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬৪ কোটি টাকা। এর মধ্যে প্রথম ধাপে বিনিয়োগ করা হবে ৫ কোটি ডলার (প্রায় ৬১০ কোটি টাকা) এবং দ্বিতীয় ধাপে আরও ৭ কোটি ডলার বা প্রায় ৮৫৪ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে গঠিত হয়েছে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড, যা ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। দেশীয় অংশীদার হিসেবে রয়েছে হাঁস-মুরগি ও হিমায়িত খাদ্যপণ্যের শীর্ষ উৎপাদক কাজী ফার্মস লিমিটেড। প্রাথমিক বিনিয়োগের অর্থ দিয়ে আধুনিক ওয়্যারহাউস, স্মার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার এবং প্রযুক্তিনির্ভর সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা হবে।

উদ্যোক্তারা আশা করছেন, অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার আলফামার্ট স্টোর চালু হলে খুচরা ও ই–কমার্স খাতে বড় পরিসরে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে স্থানীয় উৎপাদক ও এসএমই পণ্য বাজারজাতের নতুন প্ল্যাটফর্ম পাবে।

আলফামার্ট মূলত দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে বিশেষায়িত একটি রিটেইল ব্র্যান্ড। নিজস্ব ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক স্টোরের মাধ্যমে খাদ্যপণ্য, পানীয়, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং গৃহস্থালি প্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ডিজিটাল অর্ডার, হোম ডেলিভারি এবং কুইক কমার্স সেবাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাজী ফার্মস কর্তৃপক্ষ জানায়, আলফা গ্রুপের আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় ৩০ হাজার বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে। অন্যদিকে অংশীদার প্রতিষ্ঠান মিতসুবিশি করপোরেশনের রিটেইল নেটওয়ার্ক ‘সোগো শোশা’ জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার বিক্রয়কেন্দ্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করেছে।

এ বিষয়ে কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান বলেন,
“নিত্যপ্রয়োজনীয় খুচরা পণ্যের বাজারে আলফামার্ট একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ব্র্যান্ড। প্রযুক্তিনির্ভর মজুত ব্যবস্থাপনা, দক্ষ সাপ্লাই চেইন এবং ভোক্তাকেন্দ্রিক সেবার মাধ্যমে তারা বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের রিটেইল ও ই–কমার্স খাত আরও আধুনিক হবে বলে আমরা আশাবাদী।”

‘এভরিডে গ্রেসারি সলিউশন’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা আলফামার্ট উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও প্রচারমূলক অফার ঘোষণা করেছে। এর মধ্যে নির্দিষ্ট পণ্যে মূল্যছাড়, ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা এবং উপহার অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিতসুবিশি করপোরেশনের ডেপুটি চিফ রিজিওনাল অফিসার (এশিয়া ও ওশেনিয়া) তোমোয়াকি নিশিদা, আলফামার্ট ইন্দোনেশিয়ার পরিচালক রায়ান আলফন্স কালো, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতি। এ ছাড়া কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান ও পরিচালক কাজী জাহিন হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, আলফামার্টের মতো আন্তর্জাতিক রিটেইল চেইনের প্রবেশ বাংলাদেশের ই–কমার্স ও আধুনিক খুচরা বাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং ভোক্তাদের জন্য সেবার মান ও পণ্যের বৈচিত্র্য আরও বৃদ্ধি পাবে।

Leave A Reply

Exit mobile version