বুধবার, সেপ্টেম্বর ২৩

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ জন নোবেলজয়ীসহ মোট ১৯৮ বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিবৃতিতে সই করেছেন বারাক ওবামা, শিরিন এবাদি, হুয়ান ম্যানুয়েল সান্তোস, রামোস-হোর্তা, মার্টিন কার্প্লাস, জোসেফ স্টিগলিৎজ, হার্টা মুলার, চার্লস রাইস, হিরোশি আমানোর মতো নোবেলজয়ী ছাড়াও নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র প্রমুখ।

বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বাংলাদেশের অন্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানাচ্ছেন। এ শক্তি স্বৈরাচার হটিয়ে আশার জন্ম দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোয় তার এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত পুরো দেশের, বিশেষ করে দেশের সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য মুক্ত হতে দেখে উচ্ছ্বসিত। এ কাজ তিনি ছয় দশক ধরে অত্যন্ত জোরেশোরে ও সাফল্যের সঙ্গে করে আসছেন।’

তারা বলেন, ‘দেশের তরুণরা যেমন ড. ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি আমরা জানি, তিনি তাদের বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন। আমরা এ ব্যাপারেও আত্মবিশ্বাসী যে নোবেলজয়ী ড. ইউনূস প্রবাসী বাংলাদেশীসহ সারা বিশ্বের লাখ লাখ তরুণকে সমাজের উন্নতির জন্য অনুপ্রাণিত করবেন।’

বিশ্বনেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার অঙ্গীকারকে আমরা সাধুবাদ জানাই। একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যেকোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত। কারণ এ বিষয়ে অধ্যাপক ইউনূস বার বার আমাদের কাছে আহ্বান জানিয়েছেন।’

Leave A Reply

Exit mobile version