মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ায় নতুন নেতৃত্বে কারা আসছেন—তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিচিত ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসিতের নাম শীর্ষ পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বারবার উঠে আসছে।

দলীয় সূত্রগুলো বলছে, সংগঠনকে আরও সক্রিয় ও আন্দোলনমুখী করতে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন নেতৃত্বে অভিজ্ঞ, পরীক্ষিত ও মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত সভাপতি পদে আলোচনায় থাকা অন্যতম নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে বাসিতের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা রয়েছে। এর আগে তিনি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। রাজপথের আন্দোলন, কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে নেতাকর্মীদের একটি বড় অংশের সমর্থন তার প্রতি রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক জীবনে বাসিতকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। বিগত সরকারের সময় একাধিকবার তাকে কারাবরণ করতে হয়েছে বলে সহকর্মীরা জানান। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনি আহত হন এবং দীর্ঘদিন শারীরিক কষ্টও সহ্য করতে হয়। গত জুলাইয়ে রাজধানীর সায়েন্সল্যাব ও রামপুরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনেও তার সক্রিয় উপস্থিতির কথা সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ করেন।

দলীয় নেতাদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় তাকে গুমের হুমকি এবং পরিবারসহ নানা ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তবুও রাজনৈতিক আদর্শ ও সংগঠনের প্রতি অঙ্গীকার থেকে তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকেছেন।

শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও মানবিক উদ্যোগেও বাসিতের অংশগ্রহণ রয়েছে। বিভিন্ন সময়ে অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি খরচ বহন, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন, তরুণদের জন্য নেতৃত্ব বিকাশ কর্মশালা আয়োজনসহ নানা সামাজিক উদ্যোগে তাকে দেখা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা, সংগ্রামী পটভূমি এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নতুন কমিটি ঘোষণাকে ঘিরে ছাত্রদলের ভেতরে-বাইরে কাজী জিয়া উদ্দিন বাসিতকে নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

Leave A Reply

Exit mobile version