রবিবার, নভেম্বর ৮

দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে রোবট বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিতে এবং এই স্কুলগুলো আগামী ২০২২ সাল থেকে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, রোবট এখন কোনো বিলাসী বিষয়বস্তু নয়। এটি আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প : ২০৪১ বাস্তবায়নে ডিজিটাল ইকোনমি গড়ে তোলা অপরিহার্য। সে লক্ষ্য অর্জনে রোবটিকসকে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি ও নলেজ বেইজড সোসাইটি গড়ে তোলার মাধ্যমে একটি স্মার্ট নেশন বিনির্মাণ করা।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নেতৃত্বে আইসিটি খাত চারটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যন্ত ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে গেছে। যে কারণে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২ কোটি। ই-গভর্নেন্সে পরিবর্তন আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ১২ বছর আগে বাংলাদেশ ছিল প্রযুক্তিবিহীন, দুর্নীতিগ্রস্ত দারিদ্র্য রাষ্ট্র। সজীব ওয়াজেদ জয়ের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ প্রযুক্তি নির্ভর, দুর্নীতিমুক্ত।

পলক জানান, আগামী প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় উপযোগী করে গড়ে তুলতে শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপন করা হচ্ছে। রোবটিকস সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যা আগামী ২০২২ সাল থেকে চালু করা হবে।

তিনি বলেন, মানুষের জীবনের ঝুঁকি থাকে এমন কাজগুলোতে রোবটের আরও বেশি ব্যবহার করার জন্য অর্থায়নসহ তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের উৎসাহিত করতে হবে। আগামী বছর দেশে একটি রোবটিকস ফেস্টিভাল করা হবে।

Leave A Reply

Exit mobile version